মুম্বাইয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ’ সেটের কাছে আগুন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর শুটিং লোকেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় প্রাইম ফোকাস স্টুডিওর বাইরে একটি তাঁবুতে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার পর ওই এলাকায় ঘন ধোঁয়া দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সিনেমাটির শুটিং আবার শুরু হয় বলে জানা গেছে।

আরও পড়ুন: মাত্র ৪৫ মিনিটেই গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট শেষ

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (FWICE) সভাপতি বি এন তিওয়ারি জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও সামান্য বলে জানা গেছে। তবে এ ঘটনাকে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। দুই পর্বে নির্মিত এই মহাকাব্যিক সিনেমাটির বাজেট ৪০০০ কোটি রুপির বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশাল সেট, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ইফেক্ট এবং বড় তারকা সমন্বয়ের কারণে সিনেমাটির নির্মাণ ব্যয় এত বেশি হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: নতুন গল্পে তৌসিফ-তটিনী

সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন কন্নড় তারকা যশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, রবি দুবে, অরুণ গোভিল ও লারা দত্ত।

‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’ নামে প্রথম পর্বটি ২০২৬ সালের নভেম্বরে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালে।

সোমবারের অগ্নিকাণ্ডের কারণে শুটিং কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার কারণে সিনেমাটির নির্ধারিত মুক্তির সময়সূচিতে কোনো পরিবর্তনের খবর পাওয়া যায়নি।