সিদ্ধার্থর সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন মিমির

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে ও বাগদান সম্পন্ন করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিয়ের পর প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর প্রথম ছবি।

মিমির আইনি বিয়ের বিশেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ দুই বন্ধু অভিষেক রায় ও অনিন্দ্য চ্যাটার্জি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রথম ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জনপ্রিয় পোশাক ডিজাইনার অভিষেক রায়। ছবিতে মিমিকে সাদা ও সোনালি জরির কাজ করা পোশাকে দেখা গেছে। মাথা ও হাতে ছিল পান্নার গয়না। অন্যদিকে সিদ্ধার্থ সাদা পাঞ্জাবি ও পায়জামায় সেজেছিলেন।

আরও পড়ুন: দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ব্র্যাড-অ্যাঞ্জেলিনার

বিয়ের বিশেষ মুহূর্তে ভিকটরি সাইন দেখিয়ে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। ছবিটি প্রকাশ করে অভিষেক রায় লেখেন, ‘সফর শুরু হল।’

জানা গেছে, মিমি ও সিদ্ধার্থের বাগদান এবং আইনি বিয়ের আয়োজনের থিম ছিল সাদা ও সোনালি। সকালে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৃদ্ধি অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে আশীর্বাদ পর্ব শেষে সম্পন্ন হয় বাগদান ও আইনি বিয়ে। এদিন মিমির শাশুড়িও তাঁকে আশীর্বাদ করেন। অনুষ্ঠানের খাবারের তালিকায় মূলত বাঙালি খাবার রাখা হয়েছিল।

আরও পড়ুন: ফের বোমা হামলার হুমকি পেলেন অমিতাভ বচ্চন

প্রসঙ্গত, অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের জা হতে চলেছেন মিমি। ত্রমিলার দেওর সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। সিদ্ধার্থ পেশায় মার্চেন্ট নেভির ইঞ্জিনিয়ার। এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে বসবে মিমি ও সিদ্ধার্থের বিয়ের আসর। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা।