রাজশাহী মেডিকেলে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু: ক্ষোভে ফুঁসছেন স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আইসিইউ ভেন্টিলেটরের অভাবে ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, “১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ হাসপাতালের পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।”
আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার সমালোচনা করে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে কথা বলার সময় পরিচালক প্রথমে গণমাধ্যমকে দায়ী করলেও পরে তদন্তে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক।
সরকারি প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ভেন্টিলেটর সরবরাহ কঠিন উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তায় তিনটি ভেন্টিলেটর জরুরি ভিত্তিতে কেনা হচ্ছে। এছাড়া আরও দুটি ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঈদেও ২৪ ঘণ্টা খোলা থাকবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
চিকিৎসকদের পেশাগত নৈতিকতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরসম ভরসা করে। তাই আচরণ ও সেবায় আরও দায়িত্বশীল হতে হবে। অপারেশনের সময় অসাবধানতা, অতিরিক্ত কাজের চাপ এবং অনৈতিক আচরণ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসা পেশায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিজের চিকিৎসা অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী জানান, ২০১৮ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে দেশে অস্ত্রোপচারের পরামর্শ পেলেও বিদেশে গিয়ে বিকল্প চিকিৎসায় সুস্থ হন তিনি।
অনুষ্ঠানে তিনি চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চা, প্রশিক্ষণ গ্রহণ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপডেট থাকার ওপর গুরুত্বারোপ করেন।





