হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য বিশেষ কর্মসূচি
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
হামের উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
আরও পড়ুন: ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।
এ ছাড়া এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকাদান এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।





