হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে এবং হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৩৪ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৫৮৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন এবং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। ফলে নতুন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৪ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন এবং সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫১১ শিশুর।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট, ৩ লাখ টাকা জরিমানা

এ সময়ের মধ্যে সারাদেশে সন্দেহজনক হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৫৭২ জনের শরীরে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯১ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত প্রায় আড়াই মাসে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী শিশুদের মধ্যে অধিকাংশই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্তও শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে নতুন করে ৫২৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৪৫ জনের হাম পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।