হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও দুই শিশুর প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৩৯ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।





