হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর প্রত্যেকেরই মৃত্যু সন্দেহজনক হামে হয়েছে। একই সময়ে শনাক্ত হওয়া ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৮৭ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ৯৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের শরীরে।
আরও পড়ুন: হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
এই সময়ে হাম আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।





