কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৩৪১ টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন কর-সিদ্ধান্তের প্রভাব পড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামে। চলতি মাসেই দ্বিতীয় দফায় মূল্য সমন্বয় করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘোষিত এ সিদ্ধান্ত একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা, যা এর আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা। মাসের শুরুতে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। সেই বৃদ্ধির পর এবার আংশিক সমন্বয়ে দাম কমানো হলো।

আরও পড়ুন: ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে আরও একটি জাহাজ

কমিশন সূত্রে জানা গেছে, উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর আরোপের এই কাঠামোগত পরিবর্তনের ফলে সামগ্রিক মূল্য নির্ধারণে সমন্বয় আনা হয়েছে। আন্তর্জাতিক বাজারদর, ডলার বিনিময় হার ও কর কাঠামো বিবেচনায় নিয়ে প্রতি মাসেই এলপিজির দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি।

শুধু সিলিন্ডার গ্যাস নয়, কমেছে অটোগ্যাসের দামও। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল। নতুন ঘোষণায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ টাকা ৮৬ পয়সা।

আরও পড়ুন: ঈদকে সামনে রেখে বাজারে অস্থিরতা, বেড়েছে মাংস-মসলা-মাছের দাম

বিইআরসি বলছে, এলপিজির মূল্য নির্ধারণে সৌদি আরামকোর ঘোষিত চুক্তিমূল্য (সিপি), আমদানি ব্যয়, পরিবহন ও বিতরণ খরচ এবং কর কাঠামো বিবেচনায় নেওয়া হয়। কর ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে চলতি মাসে দ্বিতীয় দফায় মূল্য সমন্বয় করতে হয়েছে।

ভোক্তা পর্যায়ে এই সামান্য মূল্যহ্রাস কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হলেও বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকায় সামনের মাসগুলোতেও মূল্য সমন্বয়ের ধারাবাহিকতা থাকতে পারে।