১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা জানায়নি ভারত

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। তবে চুক্তির নবায়ন নিয়ে এখনো নতুন কোনো আশার বার্তা বা সুস্পষ্ট অবস্থান জানায়নি ভারত। চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের তৎপরতা সম্পর্কে নতুন কোনো তথ্য দেয়নি দেশটি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। তবে তিনি আগের ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য জানাননি।

আরও পড়ুন: ওডিশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা এবং এর নবায়ন নিয়ে বিভিন্ন মহলে মতবিরোধের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে। ভারতের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

আরও পড়ুন: পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।

বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়েই সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে নতুন কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী সময়ে জানাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করা হয়। এসব বিষয়ে ভারতের মুখপাত্র আগের অবস্থানেই থাকেন এবং নতুন কোনো স্পষ্ট বার্তা দেননি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সম্ভাব্য অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।