দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে আজ রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি
এদিকে আজ সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।
তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স ও আল–জাজিরা





