সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ জামায়াত আমিরের
দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ও বিরোধীদলীয় নেতা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
বিবৃতিতে তিনি বলেন, “১৪ এপ্রিল রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, ধারাবাহিক সড়ক দুর্ঘটনা দেশের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা ও অব্যবস্থাপনাকে স্পষ্টভাবে তুলে ধরছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মানুষের প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: আয় কমেছে জামায়াতের
সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।





