হরমুজ প্রণালিতে জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না মার্কিন নৌবাহিনী: রয়টার্স

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহাজ চলাচল সংশ্লিষ্টরা প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চাইছে। তবে বর্তমানে তাদের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নৌবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার কথা বললেও দেশটির নৌবাহিনী ভিন্ন অবস্থান জানিয়েছে।

জাহাজ চলাচল সংশ্লিষ্ট তিনটি সূত্র জানায়, তারা নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু নৌবাহিনী জানিয়েছে, বর্তমানে ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি অনেক বেশি থাকায় তারা এই মুহূর্তে জাহাজগুলোকে নিরাপত্তা দিতে পারছে না।

আরও পড়ুন: বাগদাদে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা

তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যখন হামলার ঝুঁকি কমে আসবে তখনই জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।