ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ক্ষতিগ্রস্তের দাবি, ভিডিও প্রকাশ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের আকাশসীমায় সামরিক অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং–২ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে। পরে সেটি মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। বিশ্বের অন্যতম আধুনিক এই যুদ্ধবিমানকে ঘিরে এমন ঘটনা বিরল বলেই মনে করা হচ্ছে।

মার্কিন সামরিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড-এর এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি ইরানের ওপর একটি যুদ্ধ মিশনে ছিল।

আরও পড়ুন: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর উদযাপন

তিনি বলেন, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন। মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে ক্ষতি হয়েছে বা এটি সরাসরি শত্রুপক্ষের হামলার ফল কিনা— সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মধ্য ইরানের আকাশে ওই যুদ্ধবিমানটিতে আঘাত হেনেছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিমানটি গুরুতর ক্ষতির শিকার হয়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন বলেও তারা জানিয়েছে।

আরও পড়ুন: কাতারের গ্যাস স্থাপনায় হামলা: জ্বালানি সংকটে ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

এ ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আইআরজিসি। তাপচিত্রভিত্তিক ওই ভিডিওতে একটি ক্ষেপণাস্ত্রকে আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে দেখা গেছে বলে দাবি করা হয়। তবে ফুটেজটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, প্রায় ৯০০ কোটির বেশি টাকার এই যুদ্ধবিমানটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত বহুমুখী যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচিত।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।