ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে কয়েক হাজার মার্কিন সেনা জড়ো করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিকল্পিত এই অভিযান প্রচলিত স্থল হামলার মতো হবে না। বরং বিশেষ বাহিনী ও কামান ইউনিটের সমন্বয়ে লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হতে পারে, যা যুদ্ধের এক নতুন ধাপের সূচনা করবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা

সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই ধরনের অভিযান মার্কিন সেনাদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ হামলার সময় তারা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্রের মুখোমুখি হতে পারেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউস-এর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেন, প্রতিরক্ষা বিভাগের কাজই হলো সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা। তবে পরিকল্পনা করা মানেই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নয়।

আরও পড়ুন: সৌদিতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নজরদারি উড়োজাহাজ

সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খার্গ দ্বীপ-কে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই দ্বীপ থেকে ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। ফলে এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য এই স্থল অভিযানের মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন।