ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আরও পড়ুন: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর

এর আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করেছে।

প্রসিকিউশনের বক্তব্য, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। এ কারণে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আপিল করা হয়েছে।

আরও পড়ুন: আখতারুজ্জামান আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন

এর আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রসিকিউশন ও আসামিপক্ষ—দুই পক্ষেরই আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছিল।

এখন আপিল বিভাগের শুনানির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।