যুদ্ধবিরতির পর ‘পূর্ণ বিজয়’ দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জনের দাবি করেছেন। মঙ্গলবার যুদ্ধবিরতিতে ইরানের সম্মতির পর এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এই সাফল্য শতভাগ নিশ্চিত এবং এতে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।
আরও পড়ুন: চড়া মূল্যে ট্রাম্পকে লড়াই থেকে বের হওয়ার পথ করে দিল ইরান যুদ্ধবিরতি চুক্তি
এর আগে মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি। ইরান প্রথমে সেটি প্রত্যাখ্যান করলে পরে সংশোধিত প্রস্তাব দেওয়া হয়, যেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ ছিল।
পরবর্তীতে ইরান প্রস্তাবটি পুনর্বিবেচনা করে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পক্ষে মত দেয় এবং যুক্তরাষ্ট্রও এতে সম্মত হয়।
আরও পড়ুন: সমুদ্র পথে বিশ্ব বাণিজ্যের ৫ প্রণালীর ৪টিই মুসলিম নিয়ন্ত্রণে
যুদ্ধবিরতির আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি সতর্ক করেছিলেন, সমঝোতায় না এলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতু—লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে।
যুদ্ধবিরতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বললেও আলোচনার সম্ভাবনার ওপর জোর দেন। তিনি মনে করেন, এই দুই সপ্তাহের মধ্যে ইরানকে আলোচনায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখন তৈরি হয়েছে।





