ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ইরান-যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের সময় গোপনে ইরানের ভেতরে হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১৩ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন— গত মার্চে সৌদি আরব ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায়। ইরানের পক্ষ থেকে হামলার জবাবে সৌদি এ পাল্টা অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের মধ্যেই চীন সফরে গেলেন ট্রাম্প

কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইরান-এর ভূখণ্ডে হামলা চালায় সৌদি আরব।

তবে সৌদি বাহিনী ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপল ইরান

পশ্চিমা আরেক কর্মকর্তা বলেন, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। পরে সৌদির কূটনৈতিক তৎপরতা ও সতর্ক অবস্থানের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।

গত ৭ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এর প্রায় এক সপ্তাহ আগেই সৌদি-ইরান উত্তেজনা প্রশমিত হতে শুরু করে।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর সঙ্গে যোগাযোগ করলেও কোনো পক্ষই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।