ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের, ‘দিল্লির ভূগোল বদলে যেতে পারে’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ২:৪৪ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়িয়ে খাজা আসিফ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোলে বড় পরিবর্তন আসতে পারে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান  উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

খাজা আসিফ দাবি করেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক উত্তেজনায় ভারত কৌশলগতভাবে পিছিয়ে পড়ে। তার ভাষায়, সেই পরিস্থিতির পর ভারতের সামরিক নেতৃত্ব এখন নিজেদের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী, ওই অভিযানে ভারতের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয় এবং একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়। তবে এসব দাবির স্বাধীন বা আন্তর্জাতিক কোনো যাচাই এখনো প্রকাশ হয়নি।

আরও পড়ুন: আবরনেতাদের অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আঞ্চলিক কূটনীতি নিয়েও মন্তব্য করেন খাজা আসিফ। তার দাবি, সাম্প্রতিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আগের প্রভাবশালী সম্পর্কেও প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে ইসরায়েল-এর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেন পাকিস্তানের এই মন্ত্রী। তার মতে, দুই দেশের কৌশলগত স্বার্থের মধ্যে মিল রয়েছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।