ইরানে মার্কিন হামলা স্থগিত, বিশ্ববাজারে কমল তেলের দাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত মার্কিন হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১২ জুন) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৪২ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৪৮ ডলারে।

সাপ্তাহিক হিসাবেও তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ সময় ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিমান হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

তবে ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তাঁর মতে, কূটনৈতিক অগ্রগতি সংঘাত এড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা হ্রাস পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে তাৎক্ষণিক নেতিবাচক চাপ তৈরি হয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনা কমে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে—এমন প্রত্যাশা থেকেই বাজারে মূল্যহ্রাসের প্রবণতা দেখা দিয়েছে।