হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য ফি মওকুফ করল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বড় পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিয়েছে, আগামী ৬০ দিনের জন্য এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় সামুদ্রিক বাণিজ্যে গতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো অতিরিক্ত আর্থিক ব্যয় ছাড়াই চলাচলের সুযোগ পাবে।
আরও পড়ুন: আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে জাহাজ চলাচলের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক কার্যক্রমে কোনো ধরনের জটিলতা এড়াতে আবেদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ও সময়সূচি অনুসরণ করতে হবে। সাম্প্রতিক সংঘাতের কারণে সৃষ্ট ঝুঁকি বিবেচনায় নিয়েই এই শর্ত আরোপ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
ইরান আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে শিগগিরই নতুন কারিগরি নির্দেশনা প্রকাশ করা হবে। পাশাপাশি সমুদ্রপথে পাতা মাইন অপসারণ এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।
বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন এই প্রণালির মাধ্যমে সম্পন্ন হয়। ফলে হরমুজ প্রণালিতে চলাচল সহজ করার ইরানের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য, তেল সরবরাহ এবং বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।





