হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

আরও পড়ুন: জর্ডান ও কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে।

আইআরজিসির দাবি, ওই জাহাজকে একাধিকবার সতর্ক করা হলেও নির্দেশ না মানায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে জাহাজটি থামানো হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান

ইরানের এই বাহিনী আরও জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

একই সঙ্গে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো হামলা, উসকানি বা নৌচলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ পথে চলাচল বন্ধের ঘোষণায় বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।