মার্কিন ভিসা আবেদনকারীদের নতুন সতর্কবার্তা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই সাক্ষাৎকারের সময় নেওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা প্রক্রিয়া আরও জটিল হতে পারে এবং অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে। পাশাপাশি ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিকভাবে উল্লেখ না করলে আবেদন বাতিল হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা বা অন্যান্য প্রয়োজনে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে তারা।

আরও পড়ুন: ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, নিজ দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলে আবেদন প্রক্রিয়া আরও জটিল হতে পারে। এমনকি ভিসা অনুমোদনের সম্ভাবনাও তুলনামূলকভাবে কমে যেতে পারে।

মার্কিন দূতাবাস আরও জানায়, অন্য দেশ থেকে করা আবেদন প্রত্যাখ্যাত হলে সেই আবেদন বাবদ জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য নয়। তাই আবেদনকারীদের প্রয়োজনীয় পরিকল্পনা করে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অ্যাবি চোই হত্যার নৃশংস বর্ণনা আদালতে

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালুর ঘোষণা দেয়। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারীকে ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ইউজারনেম বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।

দূতাবাসের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা, অসম্পূর্ণ তথ্য দেওয়া বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারীকে অযোগ্য বিবেচনা করার ঝুঁকি তৈরি হতে পারে।

এ কারণে আবেদনকারীদের ভিসা আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।