যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। তবে হরমুজ প্রণালিকে ঘিরে গুরুত্বপূর্ণ বিরোধের সমাধান না থাকায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

শুক্রবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি তেহরান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার ছাড়াল

প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তাদের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে এটিই যুক্তরাষ্ট্রের একমাত্র আনুষ্ঠানিক প্রস্তাব। তেহরানের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে কোনো কার্যকর সমাধান না থাকায় প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়।

যদিও বিষয়টি ইরানের সরকারি সূত্র থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন: টানা ১৩তম রাতে ইরানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদির সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য, পরিবহন এবং পূর্ববর্তী চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে মার্কিন হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে বড় ধরনের হামলা হলে ইসরাইলের তেল আবিবসহ অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে। একই সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে বাব আল-মান্দাব প্রণালিতে চাপ সৃষ্টি করার আহ্বান জানানো হতে পারে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।