নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ইন্টারসেপ্টর মিসাইলের সংকটে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর গত দুই দিন কোনো নতুন হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটন সাময়িকভাবে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম *নিউইয়র্ক টাইমস*।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের মজুত নিয়ে আলোচনা হয়। এরপরই সপ্তাহের শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০০ জনের বেশি সেনা নিহত: দাবি আইআরজিসির

গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা জোরদারের কথা জানিয়েছিলেন। তবে পরে শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র *নিউইয়র্ক টাইমস*কে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে সক্ষম। তবে এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: পৃথিবী বদলে দিতে পারে তনিমার গবেষণা, বলছে সায়েন্টিফিক আমেরিকান

ট্রাম্প প্রশাসনের আরেক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাপক হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশাসনের মধ্যে সংশয় রয়েছে। তার মতে, সাম্প্রতিক হামলার পর ইরানের অভ্যন্তরে জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বিদেশি হুমকির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।