রাঙ্গামাটিতে ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

Sadek Ali
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
অবৈধ ও মিথ্যা মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের গ্রেপ্তারের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটি জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরুপা মসজিদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সিনিযর যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাশার আজম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল সাকুর জাবেদ ও সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম।

বক্তারা আলী আকবর সুমনের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কী কারণে আলী আকবর সুমনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

তারা বলেন, গত সোমবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সাইবার অপরাধের অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য পরিষদ অফিসের মেইন ফটকের সামনে থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী ৫/৬ জন লোক আলী আকবর সুমনকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। একই সময়ে একই জায়গা থেকে ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও নিয়ে যায় ডিবি পুলিশ।

সমাবেশ থেকে রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তারা আলী আকবর সুমনের বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলার বিষয়টি খতিয়ে দেখে তাকে আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার বা হয়রানি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আলী আকবর সুমনের বিরুদ্ধে মিথ্যাভাবে আইসিটি মামলা দেওয়ার ঘটনাকে তীব্র নিন্দা জানান এবং সুমনের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবী জানান।

রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন আগে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা আলী আকবর সুমনের বিরুদ্ধে ঢাকায় ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দেন। তাই ঢাকা থেকে ডিবি'র সদস্যরা এসে ঐদিন আটক করে নিয়ে যায় সুমনকে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মো. শাকিল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল মজিদ নান্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহীদুল আলম মামুন, জেলা তাঁতিদলের যুগ্ম সম্পাদক বাদশা আলম এবং দীপেন দেওয়ানএমপি' ব্যক্তিগত সচিব মো.আলাআমীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।