ইয়েমেনে হুথিদের সঙ্গে তীব্র সংঘাত, ২৪ ঘণ্টায় নিহত ৬৩

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দুই প্রদেশে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গে দেশটির সরকারি বাহিনী ও সৌদি বিমানবাহিনীর সংঘর্ষে মাত্র ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইয়েমেনি সেনাবাহিনীর ২৩ সদস্য এবং হুথি গোষ্ঠীর ৪০ যোদ্ধা রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইয়েমেনি সেনাবাহিনী এবং হুথি গোষ্ঠীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হতাহতের এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সেনাবাহিনীর কর্মকর্তাদের দাবি, দক্ষিণাঞ্চলের দুই প্রদেশে হুথিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ২৩ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি বিমান হামলা এবং ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ে তাদের ৪০ যোদ্ধা নিহত হয়েছেন।

সৌদি-হুথি উত্তেজনা বাড়ছে

আরও পড়ুন: বিশ্ববাজারে টানা তিন দিন কমল তেলের দাম

আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র হয়েছে। হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এরই মধ্যে গত ১১ সেপ্টেম্বর রাতে বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে হুথি যোদ্ধারা। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই নৌপথের কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

হরমুজ প্রণালি ঘিরে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে আঞ্চলিক জ্বালানি পরিবহনে যখন বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন বাব এল-মান্দেবকে ঘিরে হুথিদের তৎপরতা সৌদি আরবের জন্য নতুন চাপ তৈরি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ইয়েমেনে সৌদি বিমান হামলা

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান অভিযান চালিয়ে আসছে সৌদি আরব। হুথিদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত সৌদি বিমানবাহিনী ইয়েমেনে ১৩০টির বেশি অভিযান পরিচালনা করেছে।

সংঘাতের মধ্যে গত ১৬ সেপ্টেম্বর সৌদি বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের আশপাশে কয়েকজন হুথি যোদ্ধাকে দেখা যায়।

তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছে সৌদি আরব

হুথি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরিস্থিতিতে এই মুহূর্তে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সংঘাত অব্যাহত থাকায় দেশটির দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নতুন করে সংঘাত বাড়লে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।