ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি (এগ্রিমো) চেয়ে প্রস্তাব পাঠায় বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর নেদারল্যান্ডস থেকে এমবিএ করেন আসাদ আলম সিয়াম। ১৯৯৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আইএমএফে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের প্রতিনিধি, ফিলিপাইনে রাষ্ট্রদূত এবং ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনস পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেলে এটি হবে তাঁর কূটনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আরও পড়ুন: বিশ্বব্যাপী ইরানি এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের