দিল্লিতে বিক্ষোভ: অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির তিন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার রাজধানী দিল্লিতে তাদের বহনকারী বিমান অবতরণের পর এ ঘটনা ঘটে।
আটক অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের নারী সদস্যরা তাদের আটক করছেন।
আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি
ভিডিওতে অভিজিৎ দীপকেকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, তিনি গ্রেপ্তার হওয়ার জন্যই দিল্লিতে এসেছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। জবাবে পুলিশ সদস্যরা বলেন, এটি গ্রেপ্তার নয়, বরং তাকে সহযোগিতা করতে হবে। এ সময় নিজের ব্যাগটি সঙ্গে নেওয়ার অনুরোধও করেন অভিজিৎ।
এ ঘটনায় আটক নেতাদের মুক্তি দাবি করেছে সিজেপি। দলটির এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ নাগরিকদের চলাচলের স্বাধীনতার লঙ্ঘন। একই সঙ্গে আটক তিন নেতাকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান
জেন-জি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই রাজনৈতিক আন্দোলন চলতি বছরের জুলাইয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করে আলোচনায় আসে। ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে ওই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা নিয়ে কারসাজির অভিযোগ এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম-৬ সংক্রান্ত পরিবর্তনের প্রতিবাদে এ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
তবে বিক্ষোভের আগে নেতাদের আটকের বিষয়ে দিল্লি পুলিশের বিস্তারিত বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।





