ফুলকোর্ট সভা স্থগিত করলেন প্রধান বিচারপতি
দেশের চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সব বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০ টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ
এর আগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে প্রধান বিচারপতির এ সভা ডাকার বিষয়টি তুলে ধরেন।
তিনি লেখেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ দাবি করেছেন প্রধান বিচারপতির।
আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে আইনি নোটিশ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
শনিবার সকাল ৯টা ৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানান অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা এরই মধ্যে এর প্রতিবাদে জড়ো হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।





