মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলার আরও ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও বহাল রেখেছে আদালত। রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ। সোমবার (২ জুন) দুপুরে এই রায় প্রকাশ করা হয়।

এর আগে, গত ২৯ মে মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। এরপর রায়ের জন্য ২ জুন দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন: দুই হত্যা মামলায় আইভীর জামিন

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা দিপ্তী, জসিম সরকার এবং সহকারি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও লাবনী আক্তার।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এই ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন।

আরও পড়ুন: খায়রুল হকের পাঁচ মামলার জামিন বহাল, রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ

পরবর্তীতে র‌্যাব তদন্ত করে ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। চার্জশিটে এটি একটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড' বলে উল্লেখ করা হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ মামলার রায় ঘোষণা করেন। সেই রায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং বাকি ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৭ জন আসামিকে খালাস দেওয়া হয়। পরে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি হয়। হাইকোর্ট সোমবারের রায়ে বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশ বহাল রাখে।