হাইকোর্টে বৈধতা পেল সরোয়ার আলমগীরের মনোনয়ন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০০ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ঋণ খেলাপি সংক্রান্ত আইনি জটিলতার অবসান ঘটিয়ে তার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে রিটের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

আরও পড়ুন: মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

এর আগে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন। গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের পর চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।

এরও আগে, গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছিলেন। সে সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত

উল্লেখ্য, এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। তবে একই দিনে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করে।

সর্বশেষ হাইকোর্টের আদেশে সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী হিসেবে তার অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।