সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদের গুরুত্ব বিবেচনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে এবং জনসাধারণের চলাচল সীমিত করে দেয়।

আরও পড়ুন: সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে তারা অত্যন্ত সতর্কতার সাথে সাউন্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আলামত সংগ্রহের জন্য গ্রেনেডগুলো নিজেদের হেফাজতে নিয়ে যায় বিশেষজ্ঞ দলটি।

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির প্রবেশপথে এ ধরনের বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে—সে বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের