হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট আবেদন করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর

রিট আবেদনে বলা হয়েছে, হামে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের অগ্রগতি, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণ অনুসন্ধানে একটি স্বাধীন, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আখতারুজ্জামান আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন

রিটে আরও উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত না করা, টিকার সরবরাহে ঘাটতি এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে ব্যর্থতা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। এ অবস্থায় দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু করা এবং টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বলা হয়, চলমান প্রাদুর্ভাবের মধ্যেও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।  এ বিষয়ে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।