ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের অন্য কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা
এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: শাপলা চত্বরে হত্যাকাণ্ডের রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে দায়িত্ব পালনরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন সময়ে উপস্থিত হয়ে বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এমন পরিস্থিতিতে আদালতের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আদালত চলাকালীন সময়ে নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে না যাওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও আদালতের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে হবে।





