রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে না দাঁড়ানোর ঘোষণা ঢাকার আইনজীবীদের
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার (৭) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির নেতারা।
শুক্রবার (২২ মে) সকালে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই মামলায় কোনো সদস্য আসামিপক্ষে আইনি সহায়তা প্রদান করবেন না।
আরও পড়ুন: মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
এদিকে, রামিসা হত্যা মামলাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী এলাকায় শিশুটি নিখোঁজ হওয়ার পর একই ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত
মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তারসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ এবং পরবর্তীতে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। একজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পারিবারিকভাবে জানাজা সম্পন্ন হয়।





