চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
চেক ডিজঅনারের একটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর
আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ মামলার অন্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন।
এর আগে গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: আখতারুজ্জামান আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন
মামলার অপর আসামিরা হলেন—আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের বারবার তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় জমা দিলে একই দিন ‘Insufficient Fund’ (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে তা ফেরত দেওয়া হয়।
পরবর্তীতে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের আহ্বান জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।





