ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ফলে আগামী ২৭ থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

সোমবার (১৮ মে) নোয়াবের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ প্রকাশ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’

এদিকে, ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিডিজেএফ-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যে ঈদযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় রাজধানী ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে। একই সঙ্গে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি জোরদার করছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, ফায়ার সার্ভিস, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে। পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।