ডিআরইউ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বৃহস্পতিবার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ-এর জন্ম হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শফিকুল কবির।

আরও পড়ুন: ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে-সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন। সাড়ে ১০টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ এবং বিকাল ৩টায় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. রুহুল কবির রিজভী। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।

আরও পড়ুন: সাংবাদিক কাদের গনি চৌধুরী বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ ক্যাম্পাস আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনের সকল সদস্যদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। নেতৃদ্বয় বলেছেন, গঠনতন্ত্র ও সাধারণ সদস্যদের সেন্টিমেন্টকে ধারণ করে সবসময় এগিয়ে চলে ডিআরইউ। লড়াই, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনেই ডিআরইউ’র পথচলা। সুখে-দুঃখে ডিআরইউ সব সময় সদস্যদের পাশে রয়েছে এবং আগামীর পথ চলায় আপনাদের পাশে চাই। ডিআরইউ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্টজনদের গবেষণাধর্মী লেখা নিয়ে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। ডিআরইউ প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে। ডিআরইউ ২৬ মে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে। তবে এ বছর মে মাসের ২৮ তারিখ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে। তাই আজ বৃহস্পতিবার জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।