ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
মঙ্গলবার রাজধানীতে দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এই সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার মাল্টিমিডিয়া সংবাদকর্মী আতিক ইশরাতের জন্মদিন আজ
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
বৈঠকে অংশ নেওয়া সম্পাদকরা মত প্রকাশ করেন যে, দীর্ঘ সময় ধরে সংবাদমাধ্যমে যে অবক্ষয় ও নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সম্পাদকদের একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই লক্ষ্য থেকেই ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন
সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং অচিরেই জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের অংশগ্রহণে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এই সংগঠন দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং সম্পাদকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সম্পাদকরা।





