তহশিলদার-ইউপি সচিব ও কৃষি কর্মকর্তারা দুর্নীতিবাজ : পরিকল্পনামন্ত্রী

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২২ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে হবে। ইউনিয়ন পরিষদ, কৃষি কর্মকর্তা, তহশিলদার ও ইউপি সচিবদের দুর্নীতি বন্ধ করতে হবে। তহশিলদার ও ইউপি সচিবরা মোস্ট পাওয়ারফুল অ্যান্ড করাপটেড।

শনিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, মানসম্মত কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক এক নাগরিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় পর্যায় থেকে এ বিষয়ে নজর দিতে হবে। এরা অনেক বেশি ক্ষমতাবান। এ কারণে প্রান্তিক মানুষেরা নায্য সেবা পায় না।

এম এ মান্নান বলেন, ‘বর্তমানে বৈশ্বিক সংকট চলছে। বিশ্ব এখন টালমাটাল। সেই ঢেউ আমাদের তরীতেও লেগেছে। আমাদের সরকারপ্রধান সঠিকভাবে দেশ পরিচালনা করছেন। তাই সবাই আমরা ব্যয় সংকোচন করছি, মিতব্যয়িতা অবলম্বন করছি।’

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু পিছিয়ে পড়া পরিবারের মানুষ। সুতরাং তাদের দুঃখ-কষ্ট আমি বুঝি। তাই সময় পেলেই নাড়ির টানে গ্রামে যাই। গ্রামের মানুষের সমস্যা সমাধানে কাজ করি। আওয়ামী লীগের কিছু জাতীয় ইশতেহার থাকে, আমরা যারা ভোটে দাঁড়াই তাদেরও কিছু ইশতেহার থাকে। গ্রামের মানুষের দৈনন্দিন অবস্থা দেখেই আমরা নিজস্ব কিছু ইশতেহার দিয়ে থাকি।’

নাগরিক সম্মেলনে আরও অংশ নেন- সংসদ সদস্য আরমা দত্ত, স্থানীয় শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির প্রমুখ।