ডেঙ্গুতে ঢাকায় পুলিশের দুই সদস্যের মৃত্যু, আক্রান্ত শতাধিক

MIZANUR RAHMAN
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৩
ফটো কোকলাজ : বাংলাবাজার পত্রিকা
ফটো কোকলাজ : বাংলাবাজার পত্রিকা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্য মারা গেছেন। এ ছাড়াও ডিএমপির আরও অর্ধশতাধিক সদস্য এতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার রোববার (৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের

মারা যাওয়া দুই পুলিশ সদস্য হলেন হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।

হাফিজ আক্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আমাদের দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য চিকিৎসাধীন। তারা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রোববার (৯ জুলাই) সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হন আরও ৮৩৬ ডেঙ্গু রোগী; যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১৬ জন ও ঢাকার বাইরে ৩২০ জন।

বর্তমানে সারাদেশে ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৬৮ জন ও ঢাকার বাইরে ৭৮২ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।