এআই পরিকল্পনায় বড় রদবদল, ২০০টির বেশি পদ কমাচ্ছে অ্যাপল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে ব্যবসায়িক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনছে অ্যাপল। এর অংশ হিসেবে সিরি ও ভিশন প্রোসহ সংশ্লিষ্ট বিভিন্ন দলে ২০০টির বেশি পদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি পদগুলো সিরি এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের। অ্যাপলের বিভিন্ন ডিভাইসে এআই প্রযুক্তি যুক্ত করার কাজ করে এই দলটি।
আরও পড়ুন: বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অ্যাপলের পক্ষ থেকেও কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ব্যবসার কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। তবে সব পদ বিলুপ্ত করা হচ্ছে না। এই পরিবর্তনের অংশ হিসেবে নতুন কিছু পদও তৈরি করা হবে।
অ্যাপলের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট ভিশন প্রো বাজারে আসার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্যদিকে এআই প্রযুক্তিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও-দেখুন সেরা ২০ প্রম্পট
সিরিকে আরও উন্নত ও এআইনির্ভর করে তুলতেও বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে অ্যাপল। পাশাপাশি নতুন ধরনের ডিভাইস তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সাম্প্রতিক কর্মী ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা; বরং এআই ও নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যাপলের ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
এদিকে এআই প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয়ও বাড়ছে। বিশেষ করে মেমোরির ঘাটতি অ্যাপলের মতো প্রতিষ্ঠানের পণ্য তৈরির খরচ বাড়িয়েছে। এর প্রভাব হিসেবে চলতি বছর ম্যাক ও আইপ্যাডের দামও বাড়িয়েছে অ্যাপল।





