টিকটকে চ্যাটেই একে অন্যকে টাকা পাঠানোর সুবিধা আসছে?
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের সরাসরি বার্তা বা ডাইরেক্ট মেসেজে (DM) একে অন্যকে টাকা পাঠানোর সুবিধা চালুর পরিকল্পনা করা হচ্ছে। নতুন এ সুবিধা চালু হলে টিকটকের নিজস্ব অর্থ লেনদেন ব্যবস্থা ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি পরস্পরের মধ্যে টাকা পাঠাতে পারবেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।
কীভাবে কাজ করবে?
আরও পড়ুন: বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য টিকটক অ্যাপের বর্তমান সংস্করণের গোপন সংকেত বা কোডে নতুন এ সুবিধার অস্তিত্ব পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, একজন ব্যবহারকারী অন্যজনকে টাকা পাঠানোর পর প্রাপক একটি বোতামে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। টাকা পাঠানোর সময় এর সঙ্গে ছোট একটি বার্তাও যুক্ত করার সুযোগ থাকতে পারে।
তবে টিকটক জানিয়েছে, সুবিধাটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। ফলে কবে নাগাদ এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, তা নিশ্চিত নয়।
আরও পড়ুন: নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও-দেখুন সেরা ২০ প্রম্পট
টিকটকের অর্থ লেনদেন ব্যবস্থা আগে থেকেই আছে
টিকটকের অর্থ লেনদেন ব্যবস্থা একেবারে নতুন নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বর্তমানে টিকটক শপে কেনাকাটার ক্ষেত্রে এ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। নতুন সুবিধা চালু হলে একই অর্থ লেনদেন ব্যবস্থা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের মধ্যেও টাকা পাঠাতে পারবেন।
আর্থিক সেবায় টিকটকের প্রবেশের উদ্যোগও আগে দেখা গেছে। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনের সেবা দেওয়ার জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে টিকটক।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আর্থিক সেবায়
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত গণ্ডি ছাড়িয়ে টিকটক ধীরে ধীরে বিভিন্ন সেবা যুক্ত করছে। এর মধ্যে রয়েছে তথ্য খোঁজার সুবিধা, অনলাইন কেনাকাটা, স্থানীয় জায়গা খোঁজার ম্যাপ, গেম এবং হোটেল বুকিংয়ের মতো সেবা।
ব্যবহারকারীদের মধ্যে সরাসরি অর্থ পাঠানোর সুবিধা চালু হলে আর্থিক সেবার ক্ষেত্রেও টিকটকের কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে। এতে ভেনমো ও জেলের মতো অর্থ লেনদেনের প্ল্যাটফর্মের সঙ্গে টিকটকের প্রতিযোগিতার সম্ভাবনাও তৈরি হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উদ্যোগ অবশ্য টিকটকের একার নয়। সাবেক টুইটার, বর্তমানে এক্সও যুক্তরাষ্ট্রে ‘এক্স মানি’ চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা পরস্পরের মধ্যে অর্থ পাঠাতে পারেন। তবে টিকটকের ক্ষেত্রে সুবিধাটি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। তাই শেষ পর্যন্ত এটি কবে বা আদৌ সব ব্যবহারকারীর জন্য চালু হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।





