কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে ফিরিয়ে আনার সব খরচ সরকার বহন করবে।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। স্থানীয় পুলিশ তাঁদের পরিচয় নিশ্চিত করেছে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন এবং তাঁদের ছেলে শর্ণশিষ দত্ত। এ ছাড়া দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। নিহত অপর বাংলাদেশি নাগরিকের নাম আহমেদ বাবু। তাঁর বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।