দুর্গাপূজায় ডিএসসিসির ১৬৮ মণ্ডপে অনুদান, বরাদ্দ ১৯ লাখ ৮০ হাজার টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজা মণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আবদুস সালাম বলেন, দেশকে রক্ষা করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার দেশ উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়—তাঁরা সবাই বাংলাদেশি।

আরও পড়ুন: বিদেশি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভনে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেপ্তার

দুর্গাপূজা উপলক্ষে নগরীর সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রশাসক বলেন, শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের বিষয়গুলো পূজার আগেই জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।

তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ চালু করা হবে। এর মাধ্যমে পূজাকালীন বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা হবে।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও বড় বিষয় হলো, সিটি কর্পোরেশন সব পূজা মণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে, তা পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের পাশাপাশি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।