কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন ফিচার

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে আলাদা একটি অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শকের আচরণ বোঝা এবং কনটেন্টের পরিধি বাড়ানোর পরামর্শ পাওয়া যাবে।

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নতুন অ্যাপের অন্যতম আকর্ষণ হলো এআইভিত্তিক ক্রিয়েটর সহকারী। এটি নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং আগের পোস্টগুলোর ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে।

আরও পড়ুন: এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

কখন পোস্ট করলে বেশি দর্শক?

নতুন অ্যাপ ব্যবহারে কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন পরিসংখ্যান আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে না। সরাসরি জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে তুলনামূলক বেশি দর্শক পাওয়া যেতে পারে। এ ছাড়া কোন পোস্ট ভালো পারফর্ম করছে, কোন ধরনের কনটেন্ট দর্শকের কাছে বেশি জনপ্রিয় এবং পোস্টে দর্শকদের প্রতিক্রিয়া কেমন—এসব তথ্যও পাওয়া যাবে। প্রয়োজনে এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেওয়া যাবে।

আরও পড়ুন: চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মেটার নতুন এআই অ্যাপ

মন্তব্যের উত্তরও দেবে এআই

কনটেন্ট নির্মাতাদের জন্য মন্তব্য ব্যবস্থাপনাতেও নতুন সুবিধা যুক্ত করেছে ফেসবুক।

অ্যাপের এআই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে। প্রয়োজন হলে মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দিতে পারবে। তবে সেই উত্তর সরাসরি প্রকাশের আগে নির্মাতা চাইলে তা সম্পাদনা করে নিতে পারবেন।

ফলে জনপ্রিয় পেজ বা ক্রিয়েটরদের বিপুলসংখ্যক মন্তব্যের মধ্য থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য চিহ্নিত করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো সহজ হবে।

প্রতিদিন থাকবে অগ্রাধিকার তালিকা

অ্যাপটি প্রতিদিন চালু করলে একটি অগ্রাধিকার তালিকা দেখা যাবে। সেখানে সর্বশেষ পোস্টের পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্য অর্জনে কতটা অগ্রগতি হয়েছে এবং কোন মন্তব্যগুলোর উত্তর দেওয়া প্রয়োজন—এসব তথ্য দেখানো হবে। এর ফলে কনটেন্ট নির্মাতারা দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন।

টিকটক-ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নতুন উদ্যোগ

ফেসবুকের এই উদ্যোগকে কনটেন্ট নির্মাতাদের ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে নির্মাতাদের ফেসবুকে আরও সক্রিয় রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে কনটেন্ট তৈরি, দর্শক বিশ্লেষণ ও মন্তব্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাইরের এআই টুলের ওপর নির্মাতাদের নির্ভরতা কমাতেও অ্যাপটি ভূমিকা রাখতে পারে।

এখন শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায়

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী সময়ে অন্য দেশেও এর ব্যবহার সম্প্রসারণ করা হতে পারে।