ডেঙ্গুতে মৃত্যু ৩শ ছাড়ালো
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৯৫ জন। এর আগে গত ৩০ জুলাই একদিনে দুই হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।
শনিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৬৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৪২৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে সাতজন ঢাকার বাসিন্দা। তিনজন ঢাকার বাইরের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪ হাজার ৫২৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৪৪৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৩৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ৬০২ জন এবং ঢাকার বাইরের ২৪ হাজার ৭২৯ জন।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।





