মার্কিন কান্ট্রি মিউজিকের রানি ডলি পার্টন আর নেই

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ডলি পার্টন। ছবিঃ সংগৃহীত
ডলি পার্টন। ছবিঃ সংগৃহীত

আমেরিকান কান্ট্রি সংগীতের কিংবদন্তি গায়িকা, গীতিকার ও সমাজসেবী ডলি পার্টন মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রিয়জনদের উপস্থিতিতে ছোট পরিসরে এই সংগীত তারকার শেষকৃত্য সম্পন্ন হবে। ২০২৫ সালের মার্চে দীর্ঘ ৫৯ বছরের জীবনসঙ্গী কার্ল ডিনের প্রয়াণের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ডলি পার্টন।

আরও পড়ুন: লাল পোশাকে অপু বিশ্বাস, রাতের ছবিতে মুগ্ধ ভক্তরা

চরম দারিদ্র্যের মধ্য থেকে উঠে এসে বিশ্বসংগীতের শীর্ষে পৌঁছানো ডলি পার্টনের জন্ম ১৯৪৬ সালে টেনেসির এক প্রত্যন্ত অঞ্চলে। শৈশবেই পরিবারের সঙ্গে স্থানীয় অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন তিনি। মাত্র সাত বছর বয়সে গিটার বাজানো ও গান লেখা শুরু করা পার্টন হাই স্কুলের পড়ালেখা শেষেই সংগীতে ক্যারিয়ার গড়তে ন্যাশভিলে পাড়ি জমান।

পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিন হাজারের বেশি গান লিখেছেন ডলি পার্টন। এর মধ্যে ‘জোলিন’, ‘কোট অব মেনি কালারস’, ‘নাইন টু ফাইভ’ এবং বিখ্যাত ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো মাস্টারপিস সৃষ্টি রয়েছে। পরবর্তী সময়ে হুইটনি হিউস্টনের গলায় ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানটি বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করে। নিজের ক্যারিয়ারে ৪৯টি অ্যালবাম প্রকাশ করা এই তারকা জিতেছেন ১১টি গ্র্যামি পুরস্কার ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

আরও পড়ুন: গ্ল্যামার নয়, মাটির কাছেই জয়া আহসানের অন্যরকম সুখ

সংগীতের পাশাপাশি অভিনয় জগতেও তিনি ছিলেন সমান সফল। ‘নাইন টু ফাইভ’, ‘দ্য বেস্ট লিটল হোরহাউস ইন টেক্সাস’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৫ সালে ‘ট্রান্সআমেরিকা’ সিনেমার গানের জন্য অস্কারের মনোনয়নও পান।

সংগীতের বাইরে মানবিকতার ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডলি পার্টন। তাঁর প্রতিষ্ঠিত ‘ইমাজিনেশন লাইব্রেরি’ শিশুদের মাঝে ৩০ কোটিরও বেশি বই বিনামূল্যে বিতরণ করেছে। এছাড়া কোভিডের মডার্না টিকা গবেষণায় ১০ লাখ ডলার অনুদান প্রদান এবং ‘ডলিউড’ থিম পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেন তিনি। ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীত অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো।