অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিকে তালিকা দেবে মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার অনিবন্ধিত সকল অনলাইন নিউজ পোর্টাল বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসিকে) নির্দেশ দিতে চলেছে।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
মঙ্গলবার (৭ মে) সংসদের প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য স্বপন তার প্রশ্নে বলেন, সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতায় বাংলাদেশ ভরে গেছে। আমাদের অনলাইন পত্রিকার নিয়মকানুন কী আমরা জানি না। অনিবন্ধিত অনলাইন পত্রিকায় জ্বালায় আমরা অস্থির। এটা নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কি না?
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
জবাবে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, এ বিষয়গুলো আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। উনি যথার্থই বলেছেন, বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।
প্রতিমন্ত্রী বলেন, মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেন তারা এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এ ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ দাবিটি শুধু সংসদ সদস্যদের নয় বা রাজনীতিবিদ বা সমাজের অন্যান্য স্তরের জনগণের নয়, খোদ সাংবাদিক সমাজ থেকেই এসেছে।
তিনি আরও জানান, আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি। একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টাল এবং এছাড়া যতগুলো পোর্টাল যেগুলো আবেদন করছে, প্রক্রিয়াধীন আছে- তার পুরো লিস্ট বিটিআরসিকে পাঠাবো। এর বাইরে যতগুলো অনলাইন পোর্টাল আছে। এমনকি একটা আবেদনও করেনি যারা, তার সবগুলো বন্ধ করে দেয়ার জন্য (বিটিআরসিকে) অনুরোধ জানাবো।





