গ্যাস নিয়ে নতুন তথ্য দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৪ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘বাজেট পরবর্তী’ সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে বড় বন্যা হলে দেশের কী প্রস্তুতি থাকা দরকার, সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সে কাজ চলছে। বাংলাদেশ প্রায় ৭০০ নদীর দেশ। এখানে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখা কঠিন কাজ। তবে, এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে সারা দেশে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ করা যাবে। এদিকে আদানিও বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে বলে জানান নসরুল হামিদ।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

তিনি বলেন, গত ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এবার জ্বালানি খাতে এক হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থ ব্যয় করে। যেমন, গ্যাস ও তেল কেনার ব্যাপারে নিজেদের অর্থই ব্যয় করা হয়। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সরকারের কিছু অর্থ দরকার পড়ে। সেটার পরিমাণ এক হাজার ৮৬ কোটি টাকা।

তিনি আরও বলেন, সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে কিছুটা সহায়তা দরকার মন্ত্রণালয়ের। এবারের বাজেটের সরকারের মূল লক্ষ্য ছিল দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

২০২৫ সালের মধ্যে ৬ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তবে এই সিস্টেম যে কোনো সময় ব্যর্থও হতে পারে, তাই সোলারকে স্মার্ট গ্রিডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে বলে উল্লেখ করেন নসরুল হামিদ।